২৮ মার্চ ২০২২
ডেস্ক রিপোর্ট : রোজা ও ঈদকে সামনে রেখে সিলেট বিভাগজুড়ে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে তারা পুরো বিভাগে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নজরে আসায় নজরদারি ও অভিযান বাড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। ইতোমধ্যে জাল টাকার কারবারি কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সিলেট বিভাগে জাল টাকার কারবারিদের একাধিক নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত কয়েক দিনে সিলেটে র্যাব-পুলিশের হাতে ধরা পড়েছে জাল টাকার চার কারবারি। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। সর্বশেষ গত ২২ মার্চ চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকা থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ শফিকুর রহমান (৫৫) নামের এক কারবারিকে আটক করে র্যাব। শফিকুর রহমান চুনারুঘাটের গোবরখলার মৃত সিরাজ মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার গণমাধ্যমকে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে জাল টাকা সংগ্রহ করে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। এ চক্রের সদস্যরা ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে জাল টাকা বানায় এবং বাজারে ছড়িয়ে দেয়। চক্রটি প্রতি ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বিক্রি করে।
গত ২১ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বেলুয়া শ্যামপুরের মুন্না আহমদ ও সিলেটের দক্ষিণ সুরমার শাহ সিকন্দর গ্রামের সুজন আহমদ। তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি সিলেট সদরের তেমুখী সাহেবেরগাঁওয়ে ডাচ্-বাংলা ব্যাংকের ভিতর থেকে কোম্পানীগঞ্জের শিমুলতলা নোয়াগাঁওয়ের আবদুল আলীম শামীম নামের এক যুবককে ৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে পুলিশ।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, রোজা ও ঈদকে সামনে রেখে যাতে জাল নোটের কারবারিরা মানুষকে প্রতারিত করতে না পেরে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। পুলিশের কড়া নজরদারির কারণে ইতোমধ্যে কয়েকজন ধরা পড়েছে। তাদের কাছে থেকে এ চক্রের ব্যাপারে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ চক্রের সদস্যদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।