২৪ মার্চ ২০২২
ডেস্ক রিপোর্ট : দেশের ২৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের তদন্তে নেমেছে সরকার। আর্থিক দুর্নীতি, তহবিল তছরুপ, উপাচার্য ও ট্রেজারার নিয়োগ না করা, মালিকানা ও ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যথাযথভাবে না মানার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই তদন্তকাজ পরিচালনা করছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
আগামী এক মাসের মধ্যে এই তদন্তকাজ শেষ করে ইউজিসি প্রতিবেদনগুলো শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে। তদন্তের আলোকে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
যে ২৫ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত চলছে তার মধ্যে রয়েছে- সিলেটের লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে নানা অভিযোগ জমা পড়ে। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর বিষয়ে ইউজিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা চাই সব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলুক। বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’