১৫ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ।
শুক্রবার মহানগরীর এক হোটেলে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।
এসময় নির্বাচনে মাঠপর্যায়ে প্রচারণা ও ভোটারদের নির্বাচনমুখী করতে ছাত্রলীগের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ইফতার হোসেন পিয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের হেলেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াস, জাহিদ সারওয়ার সবুজ প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান সফল করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।