১৪ মার্চ ২০২২


বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দীর্ঘ সাড়ে চার বছর পর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতি ম্যাচ দুটি কবে অনুষ্ঠিত হবে তার সূচি চূড়ান্ত হয়েছে।

টাইগাররা নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে ওয়ানডে সিরিজের আগে একটি এক দিনের এবং টেস্ট সিরিজের আগে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ১৪ মার্চ প্রথম দিনের অনুশীলনের পর ওয়ানডে দলের পুরো স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ।

জোহানেসবার্গে এই ম্যাচের পরদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা, তবে চালিয়ে যেতে পারবেন ঐচ্ছিক অনুশীলন। ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৮ মার্চ আবারও দলীয় অনুশীলন হবে।

১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়ানে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দলই যাবে ডারবানে। ২৫ মার্চ টেস্ট দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনের পর ২৬ ও ২৭ মার্চ চ্যাটসওর্থে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরদিন বিশ্রামের পর আরও দুদিন অনুশীলন করে শুরু হবে টেস্টের লড়াই।

৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।

এর আগে বাংলাদেশ থেকে তিন ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন ক্রিকেটাররা। বাংলাদেশ দল কেপটাউনে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানায়। অতীত অভিজ্ঞতা ভালো না হলেও এবার দল ভালো করবে বলে বিশ্বাস তাদের।

শেয়ার করুন