১২ মার্চ ২০২২


দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে যাবেন সাকিব

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান, বিসিবিতে জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও বললেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য তিনি অ্যাভেলেবল আছেন।

শনিবার সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বিসিবি বোর্ডে জরুরি বৈঠকে বসে পাপন ও এই ক্রিকেটার। যেখানে বিসিবির আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সে বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন জাতীয় দলের সেরা এই অলরাউন্ডার। যদিও এর আগে সাকিবকে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি দিয়েছিল বিসিবি।

জরুরি বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন। আগামীকাল রাতে দলের সঙ্গে যোগ দিতে রওনা হবেন সাকিব।

বিসিবির সভাপতি বলেন, ‌‘আগামীকাল রাতে সাকিব যাবে। ওখানে তিনটা ওডিআই, দুইটা টেস্ট আছে। যেকোনো একটা ম্যাচে ও রেস্টেও থাকতে পারে। কিন্তু ও খেলবে। সাকিব যদি সাউথ আফ্রিকায় গিয়ে রেস্ট চায় কোনো ম্যাচে, ও নিতে পারে।’

এদিকে সাকিব নিজের অবস্থান সম্পর্কে জানান, ‘পুরো বছরের প্ল্যান করেছি। তিন ফরম্যাটেই অ্যাভেইলএবল থাকব সবসময়। বোর্ড ডিসাইড করবে আমি কখন বিশ্রাম নিব, এমনকি আমি সাউথ আফ্রিকাতেও অ্যাভেইলএবল।’

শেয়ার করুন