১২ মার্চ ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী হাসপাতালে নাম-পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহটি স্বজনদের কাছে পৌঁছে দিতে তাদেরকে খুঁজছে পুলিশ। একই সাথে তার নাম-পরিচয় চাওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে পুলিশ সংবাদ পায় যে, এয়ারপোর্ট থানাধীন লালবাগ দক্ষিণপাড়া সাত্তার মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ পড়ে আছে।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অজ্ঞাতনামা মৃত দেহের সুলতহাল প্রতিবেদন প্রস্তুুত করেন। এসময় আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে উক্ত মৃত ব্যক্তির কোন তথ্য বা পরিচয় পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়- এলাকার লোকজন জানান অজ্ঞাতনামা ওই ব্যক্তি অত্র এলাকায় সকাল থেকে মানসিক ভারসাম্যহীনভাবে ঘোরাফেরা করছিল। পরবর্তীতে অজ্ঞাতনামা মৃত দেহটি ময়না তদন্তের নিমিত্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এয়ারপোর্ট থানার ওসি খান মো. মঈনুল জাকির জানান, অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করার নিমিত্তে বাংলাদেশ সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।