১১ মার্চ ২০২২


ভোটের প্রস্তুতিতে মাঠে আওয়ামী লীগ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তৃণমূলে দল গোছাতে জেলায় জেলায় প্রতিনিধি সভা, বর্ধিত সভা ও সম্মেলন শুরু করছে দলটি। এছাড়া সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার কাজও চলছে সমানতালে।দল গোছানোর পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক কাজও এগিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দলটি। নির্বাচনী হাওয়া তৈরিতে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। গঠন করা হচ্ছে কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কমিটি গঠন কার্যক্রম, চলছে বিরোধী পক্ষের অপপ্রচারের জবাব ও উন্নয়ন প্রচারের কার্যক্রম। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে ইশতেহার তৈরির প্রাথমিক কাজ। যদিও সংসদ নির্বাচনে দলের প্রার্থী বাছাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে বিভিন্ন জরিপ এবং তথ্য সংগ্রহের মাধমে কাজ এগিয়ে নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। এর পাশাপাশি কেন্দ্রভিত্তিক আওয়ামী লীগের কমিটি গঠনে জোর দেয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটভিত্তিক কমিটি গঠন কার্যক্রম অনেকটা এগিয়ে নিয়েছে। আওয়ামী লীগের ৮টি বিভাগীয় টিম সারাদেশে কাজ শুরু করে দিয়েছে। এসব টিমের নেতারা বিভিন্ন জেলায় গিয়ে বর্ধিত সভা ও সম্মেলনে অংশ নিচ্ছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে সেসবও নিরসনের চেষ্টা করছেন। নির্বাচন সামনে রেখে তৃণমূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাও পৌঁছে দিচ্ছেন তারা। সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার চেষ্টা করলে তার পরিণতি সম্পর্কেও স্থানীয় নেতাদের সতর্ক করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের কেন্দ্রে ডেকে সমস্যার কথা শুনছেন বিভাগীয় টিমের সদস্যরা। তৃণমূলের নেতাদের সাথে ভার্চুয়ালিও বৈঠক করছেন কেন্দ্রীয় নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলে গোছানোর এসব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী। নির্বাচন লক্ষ্য রেখে আওয়ামী লীগ জনগণের প্রত্যাশা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডিয়ামের বৈঠকে সুনির্দিষ্ট করে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনার আলোকে আমরা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি বলেন, নির্বাচনের সময় অতি নিকটে। ইতোমধ্যে আমরা তৃণমূল থেকে উপজেলা-জেলা পর্যায়ে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে হিসাব করে এবং সংসদ নির্বাচনকে টার্গেট করে সংগঠনকে গোছানোর কার্যক্রম চালাচ্ছি।

গত ৮ ফেব্রুয়ারি সভাপতিমন্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দেন। এসময় নির্বাচনী ইশতেহার তৈরি ও দলকে নির্বাচনমুখী করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য কাজ শুরুর কথা বলেন তিনি। এরপর থেকে বেশ জোরেশোরেই মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বর্ধিত সভা ও সম্মেলনে অংশ নিয়েছেন এমন কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, দলের প্রাণ হচ্ছে তৃণমূল। ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হয়েছেন। এসব বর্ধিত সভার লক্ষ্য আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন অগোছালো অবস্থায় থাকা দলের তৃণমূলকে সংগঠিত করা ও দলের কোন্দল মিটিয়ে নেতা-কর্মীদের নির্বাচনমুখী করা।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, আওয়ামী লীগ একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার জন্য সম্ভাব্য সবই করবে আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগ সবসময় এক নির্বাচন শেষ করে আরেকটা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। গঠনতন্ত্র মেনে নির্বাচনের জন্য দল গোছাতে সময় প্রয়োজন। তাই নির্বাচনের প্রায় দুই বছর বাকি থাকলেও এখনই প্রস্তুতি নেয়ার কাজ শুরু করতে হয়েছে। যার ফলে কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় গিয়ে কর্মিসভা, বর্ধিত সভা ও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ঢেলে সাজাচ্ছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আগামী ১৩ মার্চ সুনামগঞ্জ, ১৪ মার্চ মৌলভীবাজার ও ১৫ মার্চ হবিগঞ্জ জেলায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে যেসব সাংগঠনিক কার্যক্রম হচ্ছে সবই নির্বাচনী কার্যক্রমের অংশ। প্রতিনিধি সভা, বর্ধিত সভার মাধ্যমে আমরা মাঠকে নির্বাচনের জন্য তৈরি করতে চাচ্ছি। মাঠের জনগণের কাছে যেতে চাচ্ছি। জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরে জনমত তৈরি করার চেষ্টা করছি। আমাদের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের কার্যক্রম শুরু করেছেন। আমরা নির্বাচনী হাওয়া তৈরি করছি। আর এসবের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচনী অভিযাত্রা শুরু হতে যাচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এমপি বলেন, আমরা এখন নির্বাচনমুখী কাজ করছি। নির্বাচন সামনে রেখে দল গোছাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা আছে। তিনি তৃণমূল থেকে অর্থাৎ ভোট কেন্দ্র থেকে দল গোছানোর নির্দেশনা দিয়েছেন। নির্বাচন সামনে রেখে আমরা কেন্দ্রভিত্তিক দলের সাংগঠনিক কমিটি করছি। দলকে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচন প্রস্তুতি কার্যক্রমও একসাথে চলছে।

শেয়ার করুন