৯ মার্চ ২০২২


রাশিয়ার আরেক জেনারেল নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরো এক রুশ জেনারেল নিহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা শাখা এ দাবি করে জানিয়েছে, খারকিভের কাছে লড়াইয়ে তিনি প্রাণ হারান। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। নিহত রাশিয়ার এই শীর্ষ সামরিক কর্মকর্তার নাম ভিতালি গেরাসিমভ।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, গেরাসিমভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং চিফ অব স্টাফ ছিলেন। দেশটির গোয়েন্দা বিভাগ আরো জানিয়েছে, ৪৫ বছর বয়সী গেরাসিমভ চেচেন যুদ্ধে অংশ নেয়া সেনা কর্মকর্তা। পরে তিনি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানেও অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ক্রাইমিয়া দখলে বিশেষ অবদান রাখায় তিনি পদকও পেয়েছিলেন।

টুইটারে ইউক্রেনের গোয়েন্দারা তার ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লেখা হয় ‘লিকুইডিটেড’। এর আগে গত সপ্তাহে রাশিয়ার এক জেনারেলের প্রাণহানির খবর দেয় ইউক্রেন। মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেটস্কি নামে ৪৭ বছর বয়সী সেনা কর্মকর্তা ছিলেন কেন্দ্রীয় সামরিক জেলার ৪১ যৌথ সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার। তার কমরেড ইন আর্মস সের্গেই চিপিলেভের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম প্রাভদা জানায়, ইউক্রেনে বিশেষ অভিযান চলাকালে জেনারেল সুখোভেটস্কির মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে রাশিয়ার সেনাবাহিনীর অবরোধ চলাকালে স্নাইপারের গুলিতে তার মৃত্যু হয়।

গত মাসের ২৪ তারিখে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া। পাল্টা প্রতিরোধের ঘোষণা দেয় ইউক্রেন। দেশটির দাবি, আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রাশিয়ান সেনা নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জেলেনস্কি সরকারের এ দাবি নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। সেনাসদস্যদের হতাহতের বিষয়ে রাশিয়া যেমন চুপ, তেমনি এই যুদ্ধে নিজেদের কত সেনার জীবন গেছে জানায়নি কিয়েভও।

শেয়ার করুন