৮ মার্চ ২০২২


শফি চৌধুরীর বক্তব্য নিয়ে তোলপাড়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক এমপি শফি আহমদ চৌধুরীর দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। তিনি বিএনপি করবেন না, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হাবিবুর রহমান হাবিবের পক্ষে কাজ করবেন বলেও এমনটি ঘোষণা দিয়েছেন।

শফি আহমদ চৌধুরী বলেন, দল (বিএনপি) থেকে বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তবে আমি আর বিএনপি করব না, নির্বাচনও করব না।

তিনি আরও বলেন, হাবিবুর রহমান হাবিবকে আমি আগে চিনতাম না, নির্বাচনের সময় ও এরপরে তার কর্মকাণ্ড আমার ভালো লেগেছে। আমি কোনো দল বুঝি না, উন্নয়নের জন্য প্রয়োজন হলে আগামী নির্বাচনে আমি তার পক্ষে কাজ করব। যে এলাকার উন্নয়ন করে, মানুষের রাজনীতি করে; এই মানুষের পেছনে আমাদের থাকা দরকার।

তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এলাকার উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন, সেজন্য তাকে সমর্থন করতে হবে। আমি উন্নয়নের জন্য তাকে সমর্থন করি, আপনাদেরও উচিত উন্নয়নের জন্য সবাই ‘হাবিবের পার্টি’করা।

গত ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনের তিনবারের আওয়ামী লীগের দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি থেকে প্রার্থী হন আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র থেকে নির্বাচন করেন শফি আহমদ চৌধুরী।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে জয়লাভ করে এমপি নির্বাচিত হন। পরাজিত হন শফি আহমদ চৌধুরী। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ সুরমা উপজেলায় লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্মানে সংবর্ধনা ও ৫ তলাবিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শফি আহমদ চৌধুরীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে।

শেয়ার করুন