১২ মার্চ ২০২১


লাখো মানুষের চোখের জলে বিদায় এমপি কয়েস চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাজা সম্পন্ন হয়েছে। এসময় লাখো মানুষ অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান।

শুক্রবার বিকেল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এতে লাখো মানুষ অংশ নেন। এর পর তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে। নিজের জন্য কবর আগেই নির্মাণ করে গিয়েছিলেন তিনি।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কয়েস। এরপর শুক্রবার বেলা ১২ টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুরে নিজ গ্রামের বাড়িতে আসে।

এরপর দিনভর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাহমুদ উস সামাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজন-সহকর্মীদের অনেকে।

কয়েসের জন্য শোক জানাতে তার নিজ বাড়িতে শোকবই খোলা হয়েছে। এতে অনেকেই শোকগাঁথা লিখে প্রয়াত এই সাংসদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সিলেট-৩ আসনের তিনবারের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মাত্র ৬৫ বছর বয়সে মারা যান। গত ৮ মার্চ তার করোনা শনাক্ত হয়েছিলো।

 

শেয়ার করুন