৭ মার্চ ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপি’র ঘাটেরচটি হাওর এলাকায় বিলের একটি পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। নিহত ডালিম আহমদ (২২) উপজেলার ঘাটেরচটি গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
সোমবার বিকাল তিনটায় তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ৫ মার্চ দিবাগত রাতে নিখোঁজ হন ডালিম। ছেলেকে না পেয়ে ডালিমের বাবা বাচু মিয়া ৬ মার্চ জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর পর সোমবার বিকাল তিনটায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম তদন্তে যায় ঘাটেরচটি গ্রামে। তদন্ত চলাবস্থায় বিকাল সাড়ে তিনটায় স্থানীয় এলাকাবাসী জানান চিকনাগুল ইউপির ঘাটেরচটি বিলের তারেকের পুকুরের জলে পা বাঁধা ও মাথার পিছনে আঘতের চিহ্ন যুক্ত একটি লাশ ভেঁসে উঠেছে।
পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে, পরে পুকুর থেকে উত্তোলন করে লাশটি, পরে নিখোঁজ ডালিমের লাশটি সনাক্ত করে তার পরিবার। এদিকে নিহতের বাবা বাচু মিয়া ডালিমকে পরিকল্পিত ভাবে শশুর বাড়ীর লোকজন হত্যা করেছে। তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, জিডি’র তদন্ত করতে গিয়ে বিলের জলে লাশ পাওয়ার সংবাদে তাৎক্ষনীক ভাবে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার প্রকৃতরহস্য উদঘাটনের কাজ অব্যাহত রয়েছে । তিনি আরোও বলেন, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। অধিকতর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।