৭ মার্চ ২০২২


শত শিশুর কণ্ঠে ৭ই মার্চের ভাষণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা প্রতিকৃতির সামনে শতশিশুর কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে গেলো ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বঙ্গবন্ধু জনতার মধ্যে এলেন, স্বাধীনতার তীব্র আকাক্সক্ষায় উজ্জীবিত কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা হাত নেড়ে অভিবাদন জানালো তাদের প্রাণপ্রিয় নেতাকে। শুরু হলো সেই কন্ঠের অনুরণন। বাঙালি জাতির জীবনে এক অনন্য সময় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।

সোমবার সকাল সাড়ে ৮টায় অগ্নিঝরা মার্চে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দেয় শিশুরা।

বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে বন্ধবন্ধুর প্রিয় কোট পড়ে তার মতো করেই শিশুরা সমস্বরে গর্জে ওঠে- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পরিকল্পনায় এবং সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় আয়োজন করা হয় একশ শিশুদের অংশগ্রহণে এই ঐতিহাসিক ভাষণের।

এই আয়োজনে অংশ নেওয়া মুনতাহা বেগম নামের এক শিশু বলে, আমি ছোটবেলা থেকেই বাসায় বঙ্গবন্ধুর নাম শুনেছি। তার ভাষণ টিভিতে দেখেছি। এই ভাষণ আমার ভালো লাগে।

জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ বলেন, শিশুদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিতে, তার আদর্শ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ আয়োজনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

 

শেয়ার করুন