১ মার্চ ২০২২
আজকের সিলেট ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে দেশে তিন দিনের বিশেষ টিকাদান ক্যাম্পেইনে রেকর্ড সংখ্যক মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ক্যাম্পেইনের শেষদিনে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার মানুষ।
মঙ্গলবার অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবমিলিয়ে এই টিকা কার্যক্রমে (তিনদিনে) প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট ১ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন। এর মধ্যে প্রথম দিনে টিকা নিয়েছেন ১ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭১৫ জন, দ্বিতীয় দিনে ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন এবং তৃতীয় অর্থাৎ শেষদিনে টিকা নিয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৪৪ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জনে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একদিনের জন্য বিশেষ এই কর্মসূচি চালু হলেও ওইদিন সারাদেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আরো দুইদিন বাড়িয়ে সোমবার পর্যন্ত করা হয়।
দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হচ্ছে।