২৪ অক্টোবর ২০২২


সিলেটেজুড়ে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : রোববার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। সময় সময় বৃষ্টির গতিবেগও বাড়ছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোকে আগের ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি সোমবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন