২৮ ফেব্রুয়ারি ২০২২


সুনামগঞ্জে দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন—শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (সাময়িক বরখাস্ত) দেবাশীষ সুত্রধর ও এসআই আলাউদ্দিন।

সোমবার দুপুর ১২টায় নিহতের ভাই ডালিম মিয়া জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে মামলা করেন।

ডালিম মিয়া বলেন, আমার ভাইকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। আদালতের আমার ভাই হত্যার বিচার চাই।

বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রবিউল লেইছ রোকেস বলেন, উজির মিয়ার ভাই বাদী হয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আদালতের কাছে মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও পিবিআইয়ের তদন্ত দাবি করেছি। মামলা গ্রহণ করে আদালত এখনও আদেশ দেয়নি।

উল্লেখ্য, চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে গত ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এ সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন উজির। ২১ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন বিকালে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্বজনসহ এলাকাবাসী। পরে প্রশাসনের সুবিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।

এদিকে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় এসআই দেবাশীষ সুত্রধরকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।

রোববার সকালে দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, এসআই দেবাশীষ শান্তিগঞ্জ থানা থেকে বদলি হয়ে গত বুধবার দিরাইয়ে এসেছিলেন। শনিবার আবার সুনামগঞ্জে চলে গেছেন।

শেয়ার করুন