২৭ ফেব্রুয়ারি ২০২২


সিলেটে আরও দুই দিন চলবে গণটিকা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস অতিমারি রোধে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকারের নেওয়া ‘১ দিনে ১ কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ আরও দুই দিন অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্য দিয়ে সিলেট বিভাগে টিকা নিতে আগ্রহীরা সুযোগ পেলেন আরও দুইদিন।

গতকাল শনিবার এ কর্মসূচি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড়ের প্রেক্ষাপটে গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ দেওয়ার সময় আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে গণটিকা কার্যক্রমে সিলেট বিভাগেও ব্যাপক সাড়া পড়েছে। গতকাল শনিবার সিলেট নগরীসহ পুরো বিভাগে প্রায় সাড়ে ৭ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। আজ রোববার ও আগামীকাল সোমবার গণটিকা কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগে প্রথম দিন গণটিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৪ লাখ ডোজ। কিন্তু সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকায় শনিবার প্রায় ৭ লাখ ডোজ টিকা দেয়া সম্ভব হয়েছে। গতকাল শনিবার নগরী ছাড়া পুরো বিভাগে ৬ লাখ ৭৫ হাজার ১শ জন টিকা গ্রহণ করেন।

অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার সর্বমোট ৬৫ হাজার ৩শ ৪৭জনকে টিকা দেয়া হয়েছে। এরমধ্যে জনসন এন্ড জনসন ৪৩ হাজার ৫৫০ জনকে, ফাইজার ১৪ হাজার ৪৪৫ জনকে এবং সিনোভেক ৭ হাজার ৩শ ৫২ জনকে দেয়া হয়েছে।

করোনার টিকা দেয়ার শুরু থেকেই সিলেট নগরীর প্রধান কেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ভিড় লেগেই আছে। প্রতিদিন হাজারো মানুষকে টিকা দেয়া হয় এই কেন্দ্রে। তবে গতকাল শনিবার গণটিকা দিতে এই হাসপাতালে ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ। টিকা কেন্দ্রের বাইরের চত্বরেও ছিল মানুষের উপচেপড়া ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মানুষকে টিকা নিতে হয়েছে। এসময় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। সিলেট বিভাগের ১ হাজার ৫শ কেন্দ্রে টিকা প্রদান করা হয়।

শেয়ার করুন