১৬ ফেব্রুয়ারি ২০২২


গোয়াইনঘাটে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে নিখোঁজের পাঁচদিন পর নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাজিম উদ্দিন উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

বুধবার দুপুরে জাফলংয়ের ডাউকী নদীর কাটারি এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবারের দাবী নাজিম উদ্দিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। এদিকে নিহতের শরীরে প্রাথমিক ভাবে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোরে নাজিম উদ্দিন জাফলংয়ের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর বুধবার জাফলংয়ের ডাউকি নদীর কাটারি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ নাজিম উদ্দিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নাজিম উদ্দিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন