১২ ফেব্রুয়ারি ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন ও জাফলংয়ের বিট কর্মকর্তা প্রদীপের বিরুদ্দে আনিত বিভিন্ন অনিয়ম-দুনীতির বিষয়ে চলতি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি।
এদিকে, গত বৃহষ্পতিবার ও শুক্রবার সরেজমিন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের এড়িয়ে চলার বিষয় নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। অভিযোগকারীরা দাবী করেছেন, তদন্ত চলাকালে সাংবাদিকরা উপস্থিত থাকলে অনেক বিষয়ই গণমাধ্যমে চলে আসত। তাই অত্যন্ত সুকৌশলে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া হয়েছে।
গোয়াইনঘাটে কর্মরত বিভিন্ন দৈনিকের একাধিক প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃহষ্পতিবার তদন্ত চলাকালে আমরা রাতারগুল বিট অফিসে উপস্থিত হলেও রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আমাদেরকে তাড়িয়ে দেয়ার চেষ্ঠা করেন। এর পর মোটরঘাট, মুরতাবাগান সহ বিভিন্ন স্থানে তদন্ত কমিটির সদস্যরা সরেজমিন পরিদর্শনে গেলেও সেখানে কোন সাংবাদিককে যেতে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট এমন লুকুচুরী খুবই রহস্যজনক।
এদিকে, অভিযোগকারীরা দাবী করেছেন- সাংবাদিকরা ঘটাস্থল সমূহ পরিদর্শন করতে পারলে অনিয়ম ও দুর্ণীতির আরো তথ্যপ্রমাণ বেরিয়ে আসত।
তাদের দাবী, বিকল্পস্থানে উন্মুক্তভাবে গণশুনানীর আয়োজন করলে এলাকার অনেকেই মুখ খুলে কথা বলবে। কারন স্থানীয় প্রভাবশালীদের কারনে ঐদিন অনেকেই রাতারগুল বিট অফিসে আসতে পারেনি।
তদন্তের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে জানতে তদন্ত কমিটির আহ্বায়ক এসিএফ আবু বকরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয় নিয়ে জানতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে তদন্ত কমিটির সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।