৮ ফেব্রুয়ারি ২০২২


লতার শেষকৃত্যে শাহরুখের মোনাজাত, বিজেপি নেতার কটাক্ষ

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বলিউড বাদশা শাহরুখ খানের দোয়া করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে অসংখ্য প্রশংসা হলেও অনেকেই করেছেন বিতর্ক।

রোববার হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা অরুণ যাদব নিজের ভেরিফায়েড টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিও শেয়ার করে ক্যাপশন দেন, ‘ইনি কি থুতু ছেটালেন’?

অরুণের টুইটের পর অনেকেই শাহরুখবিরোধী মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য ছবি বা ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি।

লতা মঙ্গেশকরের শেষ শয্যায় শাহরুখের শ্রদ্ধা নিবেদনের ছবিটিতে লতার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে দেখা যায় তার ধর্মীয় রীতি মেনে দোয়া করতে। শাহরুখের পাশে দুই হাত জোড় করে শ্রদ্ধা জানাতে দেখা যায় তার ম্যানেজার পূজা দাদলানিকে। দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই। কিন্তু বিজেপি নেতার টুইটের পরই বিতর্কের শুরু হয়।

তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন শাহরুখ খানের ভক্তরা। ওই বিজেপি নেতার সমালোচনা করে তারা বলেন, ইসলাম ধর্মে দোয়া বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনোভাবেই অসম্মান করা হয়নি।

শেয়ার করুন