২৯ জুলাই ২০২২
বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের সম্ভাবণাময়ী নায়িকা অনন্যা পাণ্ডে। সিনেমার মতোই বর্ণিল তার জীবন। প্রেম আসে প্রেম যায়। অনন্যার সঙ্গে অভিনেতা শাহিদ কাপুরের ছোট ভাই অভিনেতা ঈশান খট্টরের প্রেম নিয়ে চর্চা হয়েছে কিছুদিন আগেও। এই তো কয়েক মাস আগে মাদককাণ্ডে জড়িত প্রেমিকার মন ভালো করতে একগুচ্ছ ফুল নিয়ে ছুটে গিয়েছিলেন ঈশান। একটু স্বস্তি পেতেই হারিয়ে গিয়েছিলেন শহর থেকে দূরে।
কিন্তু সেই প্রেম টিকল কোথায়! চুপিচুপি যেভাবে সম্পর্ক গড়ে উঠেছিল, সবার অগোচরে ঠিক সেভাবেই পথ আলাদা হয়েছে ঈশান-অনন্যার পথ। যদিও বলিউড ইন্ডাস্ট্রিতে এই গুঞ্জন নতুন নয়। তবে এবার তাতে শিলমোহর বসালেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
‘লাইগার’ সিনেমার প্রচারে ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন অনন্যা এবং বিজয় দেবেরকোন্ডা। এই সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। একসঙ্গে কাজের সুবাদে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হয়ে উঠেছেন নায়ক-নায়িকা। জানালেন, একসঙ্গে ডেটেও গিয়েছিলেন তারা।
ব্যস, গসিপের গন্ধ পেয়েই নড়েচড়ে বসেন করণ জোহর। অনন্যাকে তার সটান প্রশ্ন, ‘ঈশানের সঙ্গে প্রেম করতে করতেই বিজয়ের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলে?’ বিজয় যদিও সামাল দেওয়ার চেষ্টা করেন। বলেন, নিছক বন্ধু হিসাবেই ডেটে গিয়েছিলেন তারা।
এর পরই অনন্যার ঘোষণা, ‘এই মুহূর্তে আমি একা। কেউ জানতে চাইছে না। তবু বলছি, আমি একা।’ চাঙ্কি পাণ্ডে-কন্যার এই বক্তব্যকে মান্যতা দিয়ে করণ জোহরের প্রশ্ন, ‘ঈশানের সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গেছে?’
অনন্যা যদিও সেই কথা না শোনার ভান করেছিলেন। কিন্তু করণ কী আর ছাড়ার পাত্র! তিনি বলেন, ‘তুমি ঈশানের সঙ্গে প্রেম করছিলে। তারপর তোমাদের বিচ্ছেদ হয়। সবাই জানে তোমাদের সম্পর্কের কথা।’
অনন্যা খানিক অপ্রস্তুত হলেও জনসমক্ষেই তার প্রেমের ইতিহাস গড়গড়িয়ে বলে গেলেন করণ জোহর। প্রশ্ন তোলেন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনেত্রীর সমীকরণ নিয়েও। তাহলে কি কার্তিকের সঙ্গেও প্রেম ছিল অনন্যার? দেননি জবাব।