৬ ফেব্রুয়ারি ২০২২


তাহিরপুরে সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকলো পাঁচ বন্যহাতি

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভারতীয় সীমানা অতিক্রম করে যাদুকাটা নদী পার হয়ে পাঁচটি বন্যহাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় প্রবেশ করেছে। হাতির আগমনে পুরো বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকায় আতংক বিরাজ করছে। হাতির ভয়ে কেউ কাজে কিংবা সীমান্তে জমির পাশে যেতে পারছেন না।

রোববার ভোরে হাতিগুলো যাদুকাটা নদী পার হয়ে নদী তীরের পার্শ্ববর্তী এই টিলায় অবস্থান করছে।

বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকার বাসিন্দা জমির মিয়া বলেন, প্রতিদিন আমি সীমান্তের জঙ্গল থেকে লাকড়ি এনে দিলে ঘরের চুলায় আগুন জ্বলে। কিন্তু আজ বাড়ির পাশে জঙ্গলে হাতি আসায় ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। তাই ঘরে চুলায় আগুনও জ্বলেনি।

বড়গোপ টিলা (বারেক টিলা) এলাকার বাসিন্দা সমির মিয়া বলেন, দিনতো কোনো রকমে পার করা যাবে। কিন্তু রাতে কী করে ঘরে থাকব? ছেলে-মেয়ে নিয়ে খুব আতংকে আছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিগুলোকে যাতে কেউ বিরক্ত না করে সেজন্য মাইকিং করে স্থানীয়দের সর্তক করা হচ্ছে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও বিজিবি এলাকায় অবস্থান করছে। কেউই যাতে আগত হাতিগুলোকে বিরক্ত না করে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন