৫ ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলাটসহ নিহত হয়েছেন ৭ জন। এই ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
এএফপির বরাত দিয়ে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে।
প্রতিবেদনে আরো বলা হয়, নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।