১৭ জানুয়ারি ২০২২


শিক্ষার্থীদের ফুল নিলো না পুলিশ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

=সোমবার বিকেলে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফটকের সামনে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। এসময় শিক্ষার্থীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ জানান। কিন্তু পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের অনুরোধ রাখেননি, ফুলও নেননি।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি। ফুল নেওয়া বা না নেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের অনুরোধে এসেছি, কর্তৃপক্ষের অনুরোধে চলে যাবো।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রশাসিনক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর চারটি একাডেমিক ভবন ও পাঁচটি আবাসিক হল অফিসের গেটেও তালা দেন তারা। এসময় ভবনের ভেতরে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।

শাবি কর্মকর্তা সমিতির সভাপতি মো. তাজিম উদ্দিন বলেন, আজ দুপুরে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়েছে শিক্ষার্থীরা। তারা অফিসের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয়। আমরা আর ভেতরে প্রবেশ করতে পারিনি।

এদিকে ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে আজ দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গতকাল রাত থেকেই দফায় দফায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।

শেয়ার করুন