১৩ জানুয়ারি ২০২২


একটি বাঘাইড় ৮০ হাজার টাকা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : সারিবদ্ধভাবে সাজানো বাঘাইড় মাছ। কোনটা চল্লিশ কেজি আবার কোনটা পঞ্চাশ কেজি ওজনের। দাম হাঁকছে সত্তর ও আশি হাজার টাকা। নবীগঞ্জের দ্বিঘর ব্রাহ্মণ গাঁও এর মৎস‍্য ব‍্যবসায়ী আব্দুল আলী এই তিনটি বাঘাইড় মাছ বিক্রির জন‍্য নিয়ে এসেছেন শেরপুর লঞ্চঘাটস্থ মৎস্য আড়তে। তিনি ওজনভেদে প্রতিটি বাঘাইড় মাছের মাছের দাম হাঁকছেন।

আব্দুল আলী জানান, দাম একটু বেশি চাচ্ছি। তবে পঞ্চাশ হাজার টাকা পেলে বিক্রি করবো। আব্দুল আলীর পাশাপাশি অন‍্যান‍্য মৎস‍্য ব‍্যবসীয়ীরাও এখানে বিক্রির জন‍্য মাছ নিয়ে এসেছেন।

ওমিক্রন ভাইরাসের কারণে কুশিয়ারা নদীর তীরে পৌষ সংক্রান্তিতে শতাধিক বছরের পুরনো শেরপুরের মাছের মেলা এবার হচ্ছেনা। তাতেও দমিয়ে থাকেননি মৎস‍্য ব‍্যবসায়ীরা। ব‍্যবসায়ীরা শেরপুর লঞ্চঘাটস্থ মৎস্য আড়তেই এবার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এসেছেন বিক্রির জন‍্য।

জানা যায়, বুধবার রাত থেকে শেরপুরে এই মাছের মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি প্রজ্ঞাপন জারির কারণে এবছর মাছের মেলার নিলাম ডাকা হয়নি। জেলা প্রশাসন ঝুঁকি এড়াতে মেলার অনুমতি দেননি।

তবে অনুমতি না পেলে বিকল্প হিসেবে মোটামুটি একটা পরিসরে মেলার মতো আড়তে আয়োজন করা হয়েছে মাছের মেলার। ব‍্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এসেছেন।

আড়তে বোয়াল, আইড়, পাবদা, টেংরা, কই, মাগুর, রুই, কাতলা, বাউশসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। মৎস‍্য আড়তের এই মেলায় প্রচুর সংখ‍্যক সৌখিন দর্শনার্থীর ভীড় জমেছে। মেলাটি আরও একদিন থাকবে বলে জানান ব‍্যবসায়ীরা।

শেয়ার করুন