১২ জানুয়ারি ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি : সীমান্তবর্তী অঞ্চল গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হাতে আলমাস আহমদ (৪০) নামে এক মাছ বিক্রেতা খুন হয়েছেন। নিহত আলমাস উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের রহিম উল্লার ছেলে। খবর পেয়ে মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার জাফলং বাংলা বাজারে নদীর তীরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা আলমাসকে খুন করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে যায়। নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। আলমাছ একজন ক্ষুদ্র মাছ বিক্রেতা। হত্যাকারীরা তার সঙ্গে কেন এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাদের কোনো কিছুই জানা নেই।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে। হত্যার কারণ উদঘাটনে বা হত্যার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।