৯ ডিসেম্বর ২০১৭


নগরীতে ‘নির্বাচনী উত্তাপ’

শেয়ার করুন

কামরুল ইসলাম (অতিথি প্রতিবেদক) : সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে সিলেটের রাজনীতির মাঠ এখন সরগরম হয়ে উঠছে। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য শুরু হয়ে গেছে প্রার্থীদের দৌড় ঝাঁপ। জনসমর্থন কুড়াতে মাঠে নেমেছেন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। কৌশলে দলীয় কর্মীদের দিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পোস্টার লিফলেটের মাধ্যমে প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চলছে। আওয়ামীলীগ ও বিএনপির এক ডজন নেতা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড় ঝাঁপ করছেন। কৌশলীভাবে তৃণমূলে সভা-সমাবেশ করছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা।

তবে উভয় দল থেকে নতুন মুখের কাউকে মেয়র পদে নির্বাচনে দেখা যেতে পারে বলে দলীয় একাংশের দাবি। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর এহসানুল মাহবুব জুবায়ের সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া বিভিন্ন ওর্য়াডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করতে শুরু করেছেন কৌশলী প্রচারণা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা শুরু থেকেই বিভিন্ন সমাবেশে কৌশলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চাইছেন। আওয়ামী লীগ থেকে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন।

দেশের রাজনীতিতে প্রধান বিরোধীদল বিএনপির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও তার অসমাপ্ত কাজ শেষ করতে আবারো দলীয় মনোনয়ন চাইছেন। তবে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি, কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীসহ বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য লবিং করছেন।

তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন উপজেলায় দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী জানান দিচ্ছেন। তবে তা চলছে কিছুটা ভিন্ন কৌশলে অর্থাৎ আনুষ্ঠানিক বা কাগজে-কলমে নয়। সংসদের বিরোধীদল জাতীয় পার্টি পিছিয়ে নেই নির্বাচনী প্রস্তুতিতে। দলটির চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টির বর্তমান এমপি ও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা কাজ করছেন নিজ এলাকায়।

ছয়টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রায় অর্ধশতাধিক প্রার্থী মাঠে কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা যায়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের পর ২৯ জানুয়ারি সংসদের অধিবেশন প্রথম বসে। এই হিসেবে ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থাৎ ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের ১২৩ (৩) ধারা অনুসারেও মেয়াদ শেষ হওয়ার কারণে সংসদ ভেঙে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা রয়েছে।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর। আইন অনুযায়ী এ সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ পূর্ণ হবে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর। আগামী বছরের ১৩ মার্চ থেকে নির্বাচনের দিন গণনা শুরু হবে। আর আগামী বছরের ৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে সিলেট সিটি করপোরেশনের।

(আজকের সিলেট/৯ ডিসেম্বর/এসটি/ঘ.)

শেয়ার করুন