২৯ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শাখার ভোল্ট। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরণের অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংকটি।
বৃহস্পতিবার রাতে বন্দরবাজারস্থ ব্যাংকের এই শাখার ভোল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, সিলেটের কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর ফায়ার ফাইটার আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকের টাকার ভোল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তারা চেষ্টা চালিয়ে আগুন দ্রুত নেভাতে সক্ষম হওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা।