৮ জানুয়ারি ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লোকড়ায় সড়কে গাছ ফেলে দু’জনকে বেঁধে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে ডাকাতদল। ডাকাতদলের কবলে পড়া তৌহিদ মিয়া সদর উপজেলার এক নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য। তিনি ও তার সম্বন্ধি বাবুল মিয়া মোটরসাইকেল করে যাওয়ার পথে ডাকাতদলের কবলে পড়েন।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
তৌহিদ মিয়া জানান, তিনি বাবুল মিয়ার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। তারা হবিগঞ্জ শহর থেকে গরুর বাজার হয়ে কাশিপুরে যচ্ছিলেন। পথে ওয়াপদার বান্দ এলাকায় ৫/৬ জন সড়কে গাছ ফেলে মোটরসাইকেলের গথিরোধ করেন। এ সময় দুইজনের হাত ও মুখ বেঁধে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল, ২টি মোবাইলফোন ও নগদ ৭ হাজার ২০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। দু’জনের মুখের বাঁধন খুলে দিয়ে ডাকাতদল চলে যায়। পরে তৌহিদ মিয়া ও বাবুল মিয়া মুখ দিয়ে হাতের বাঁধন খুলে ঘটনাস্থল ত্যাগ করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, নব নির্বাচিত ইউপি সদস্য মুঠোফোনে ডাকাতির খবর থানায় জানিয়েছেন। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।