২২ নভেম্বর ২০২৩


হবিগঞ্জে ধানের গুদামে ১০ টন চোরাই সার: ব্যবসায়ীর অর্থদণ্ড

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধানের গুদামে অবৈধভাবে ১০ টন রাসায়নিক সার মজুদ করে রাখায় বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সার বাজেয়াপ্ত করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম গণমাধ্যমকে জানান, সরকারের গুদাম থেকে তালিকাভুক্ত ডিলার নির্দিষ্ট পরিমাণে সার তুলতে পারেন এবং নিয়ম মেনে তা বিক্রি করে থাকেন। বাচ্চু মিয়া সেই তালিকায় নেই, লাইসেন্স বা বৈধ কোনো কাগজপত্রও তার নেই। কিন্তু অভিযানে তার ধানের গুদামে ১০ টন টিএসপি, এমওপি ও ডিএপি সার পাওয়া গেছে৷ কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

কৃষি কর্মকর্তা আরও জানান, ধানের আড়ালে লুকিয়ে রাখা ১০ টন সার বাজেয়াপ্ত করে সরকারি গুদামে রাখা হয়েছে। অন্য কোথাও যদি এমন অপরাধের খবর মেলে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন