১ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর জিন্দাবাজারস্থ কাকলী শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
শনিবার রাতের প্রথম প্রহর ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল বাহিনী। এর আগে রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর কর্মীরা জানান, মার্কেটের ভেতরে ৪র্থ তলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ওয়াইফাই ও ডিশ লাইনের তার দিয়ে আগুন ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়রাও জানান, কাকলী শপিং সেন্টারের ৮ তলায় আগুনের সূত্রপাত ঘটেছে। নিমিষেই আগুন ওপরের তলার পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সময় যত গড়াতে থাকে আগুনের তেজক্রিয়তা তত বাড়তে থাকে। তাৎক্ষণিক দমকল বাহিনীকে ফোন করা হলেও তারা আসতে অন্তত আধা ঘণ্টা দেরি করে ফেলেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
এদিকে, শপিং সেন্টারে আগুন লাগার খবরে ব্যবসায়ীরা এসে মার্কেটের সামনে জড়ো হন। অনেকে ঝুঁকি নিয়েও দোকান খুলে মালামাল বের করে আনতে চেষ্টা করেন।