৩০ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় ১৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বহিষ্কৃতরা হলেন—বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিলেটের কানাইঘাট ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দু বাছিত, একই ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোমিন চৌধুরী মুহিন, ৪নং সাতবাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন বাবুল মুহুরী, একই ইউপিতে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি আওয়ামী লীগের সদস্য বাবুল রানা চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল রানা চৌধুরী, একই ইউনিয়নে দলের আইন বিষয়ক সম্পাদক খালেদ হাসান তারেক, একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাগর।
বৃহস্পতিবার সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন।
বহিষ্কারাদেশে বলা হয়- দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। তবে ভোট গ্রহণের তারিখ ৫ জানুয়ারিই বহাল থাকছে।