৩০ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপে সুনামগঞ্জসহ সারাদেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিনে সুনামগঞ্জের ৭ টি ইউনিয়ন নির্বাচন হবে। সুনামগঞ্জের ইউপিগুলো হচ্ছে- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়ন।
তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি।
এ ধাপে ২০ জেলার ২৪ উপজেলার ছয়টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১ জানুয়ারি।