২৮ ডিসেম্বর ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদি হয়ে দায়েরকৃত মামলায় ৪ শতাধিক লোকজনকে আসামি করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের তোয়ারিছ আলীর ছেলে ফলিক আহমদ (৩০), রনকেলী দিঘীরপার গ্রামের সাদেক আলীর ছেলে মিরন আহমদ(২৮), ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের মস্তুর আলির ছেলে আব্দুর রহিম (৩৮) ও একই গ্রামের শফিক আহমদের ছেলে কামরান আহমদ(২৫)।
এসআই মহরম আলী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলা করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪শ’ জনকে আসামি রাখা হয়েছে।
এর আগে রোববার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ফুলবাড়ি ইউনিয়নে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বৈটিকর বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান গ্রামবাসী। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ছুড়ে পুলিশ এতে আব্দুস সালাম (৪০) নামে মোটরসাইকেল মেকানিক নিহত হন। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। ওইদিন রাত ৮টা থেকে চলা সংঘর্ষ রাত সাড়ে ১১টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। সোমবার বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়।
এদিকে, নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে তার দাফন সম্পন্ন হয়।