২৭ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জকিগঞ্জ উপজেলায় চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ ১ নম্বর বারহাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নম্বর খলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, ৬ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান লস্কর।
সোমবার বহিষ্কারাদেশের একটি কপি সংবাদ মাধ্যমে পাঠানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়- দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপ ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। তবে ভোটগ্রহণের তারিখ ৫ জানুয়ারিই বহাল থাকছে।