২৬ ডিসেম্বর ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধি : বয়সের ভারে ন্যুজ। কোনোরকম দাঁড়াতে পারলেও হাঁটতে হয় অন্যের সহায়তায়। খাবারও তুলে খেতে পারেন না ১০৫ বছর বয়সী আব্দুল খালেক। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না প্রায় ১৫ বছর। তিনি আজ ভোট দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দাদার এমন আবদারে কোলে করে ভোটকেন্দ্রে হাজির হন নাতি সাব্বির আহমদ।
রোববার সকাল সাড়ে ১১টায় বিয়ানীবাজার উপজেলা ৪ নম্বর শেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন তারা।
এত কষ্ট করে কেন ভোট দিতে এসেছেন, জানতে চাইলে আব্দুল খালেক বলেন, ‘ভোট দিয়া (দিয়ে) আমার ভালো লাগের (লাগছে)। কখন মরমু (মারা) যাবো তা তো কইতে ফারতাম (বলা যায় যায়) না। তাই ভোট দিলাম (দিয়েছি) নাতির কোলে বইবা (চড়ে)।’
সাব্বির আহমদ বলেন, দাদা ভোটের খবর শুনে ভোট দিতে চান। বার বার ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। প্রথমে তাকে নিরুৎসাহিত করলেও কেন্দ্রে যেতে জোরাজুরি করেন। পরে বাধ্য হয়ে দাদাকে খুশি রাখতে ভোট দেওয়াতে নিয়ে আসছি। তাকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরে আমারও ভালো লাগছে।