২ এপ্রিল ২০২২


রাজনগরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেয়ার করুন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় আব্দুল মতিন খান (৬৮) নামে এক ব্যবসায়ীর উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মতিন খান রাজনগর সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর পাড়ে গাছের সাথে গলায় বাধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান এলাকার কয়েকজন। সেখানে গিয়ে তারা আব্দুল মতিন খানের গলায় লাইলনের রশি লাগিয়ে ছোট একটি গাছের সাথে গলা বাঁধা দেখতে পান। এসময় তার হাঁটু গাড়া ও বাম হাত গাছের সাথে জড়িয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। পাশেই তার জুতো, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এসময় মৃতদেহের পাশ থেকে আলামত সংগ্রহ করেন পুলিশ সদস্যরা।

এদিকে ওই ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এতো কম উচ্চতা থেকে ও হাঁটু গাড়া অবস্থায় কিভাবে কেউ আত্মহত্যা করতে পারে এনিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে ময়নাতদন্ত ছাড়া এখনই কিছু মন্তব্য করতে চাইছে না পুলিশ।

নিহতের ভাই মুজিবুর রহমান খান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল মতিন খান মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন বাসায় তাকে দেখা করতে বলেন। সেখানে গেলে ঘর ভাড়ার টাকা দিতে চাইলে মুজিবুর রহমান খান তা না নিয়ে তাকে বাড়িতে যেতে অনুরোধ করেন। কিন্তু আব্দুল মতিন খান তাতে রাজি না হয়ে রাতে সিলেটের বাসায় চলে যাবেন বলে জানান। পরদিন সকালে মুজিব খান জানতে পারেন বাড়ির পাশে তার মৃতদেহ পুকুর পাড়ে গাছের সাথে বাঁধা রয়েছে।

রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে। রাজনগর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা আলামত সংগ্রহ ও তদন্তে কাজ করছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন