২০ ডিসেম্বর ২০২১
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে উদ্বোধনের আগেই সোয়া ২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সেতুর উইং ওয়ালে ফাঁটল দেখা দিয়েছে। এতে স্থানীয় জনমনে অসন্তোষ ও সমালোচনার ঝড় বইছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। দীর্ঘ প্রতীক্ষার পর ২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি সম্পন্ন হয় উপজেলার নরসিংপুর-বাংলাবাজার সড়কের প্রবেশমূখে নরসিংপুর বাজার সংলগ্ন রগার খালের উপর বহুল প্রত্যাশিত সেতুর নির্মাণকাজ। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীতে উদ্বোধনের আগেই ফাঁটল দেখা দেয় সেতুর উইং ওয়ালে । এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়াসহ নানা প্রশ্ন।
এদিকে, বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ায় তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাঁটলে সিমেন্টের লেপন (আস্তরন) দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এতে অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ফাঁটলকে অন্য ব্যাখ্যা দিচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক ও দোয়ারাবাজার উপজেলার উপসহকারী প্রকৌশলী।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক মিলন বাবু বলেন, এটা কক্সিট এর দাগ, এটা ফাঁটল নয়। ধামাচাপা দেওয়ার মতো কোনো কাজ হয়নি।
এলজিইডি’র দোয়ারাবাজার উপজেলা উপসহকারী প্রকৌশলী সাদিরুল ইসলাম বলেন, এটা ফাঁটল নয়, এক্সপানশন জয়েন্ট। জয়েন্টে কক্সিট না দেওয়ায় এরকম সৃষ্টি হয়েছে।