১৫ ডিসেম্বর ২০২১


গোলাপগঞ্জে কুপির আগুনে পুড়ে অসুস্থ বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আগুনে পুড়ে তুরণ নেছা (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামের মৃত ফরমান উল্লাহর মেয়ে।

মঙ্গলবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু দায়ের করেন নিহত বৃদ্ধার ভাগ্নে জামাই আব্দুল খালেক।

আব্দুল খালেক জানান, ‘নিহত বৃদ্ধা আমার খালা শাশুড়ি হন। তার কোন আত্মীয় স্বজন নাই। দীর্ঘ প্রায় ১৭ বছর যাবত থেকে আমাদের বাড়িতে বসবাস করে আসছেন। তার কেউ না থাকার কারণে আমরাই তার দেখাশুনা করে আসছিলাম। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কুপি বাতির আগুন থেকে তার বিছানায় আগুন লেগে যায়। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। তিনি তার ঘরে একা ছিলেন। আগুনের বিষয়টি তিনি টের না পাওয়ায় তার শরীরের আগুন লেগে যায়। তার চেচামেচি শুনে আমরা এগিয়ে গেলেও ততক্ষণে তার শরীরে আগুন লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বসতঘরটিও আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

শেয়ার করুন