১৪ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া (২৪)। তিনি বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের শাশুড়িসহ দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী আফজাল হোসেন জানান, রায় দ্রুত কার্যকরের দাবি করছি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া। বিয়ের কিছুদিন পর একলাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন। যৌতুক না দেয়ায় একই বছর ২৩ সেপ্টেম্বর লাভলী আক্তারকে নির্যাতন করে হত্যা করেন। ঘটনার পর লাশ ফেলে বাড়ি থেকে চলে যান স্বামীসহ আত্মীয় স্বজনরা। ঘটনার পর ২৮ সেপ্টেম্বর নিহত লাভলী আক্তারের বড় ভাই শাহীন চৌধুরী বাদি হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে হত্যা মামলা করেন।
মামলার পর বাহুবল থানা পুলিশের তৎকালীন এসআই মহরম আলী তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দেন। আদালত রাষ্ট্রপক্ষের ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।