১২ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান বাদী হয়ে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।
রোববার দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
মামলার বাদী অ্যাডভোকেট তানভীর আক্তার খান জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ১৩ ডিসেম্বর এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেন। মামলায় ডা. মুরাদ ছাড়াও নাহিদ রেইন্স নামে আরেকজনকে আসামি করা হয়েছে। নাহিদের ফেসবুক পেজ ‘নাহিদরেইন্স পিকচার্স’ থেকে তার উপস্থাপনায় গত ১ ডিসেম্বর লাইভে এসে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর কথা বলেন ডা. মুরাদ।
তিনি আরও বলেন, ‘আপনারা সবাই অবগত, মুরাদ হাসান বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। ইতোমধ্যে তিনি “সংবিধানে বিসমিল্লাহ থাকবে না,” “রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না” এরকম ন্যক্কারজনক বক্তব্য দিয়েছেন। সর্বোপরি জিয়াউর রহমানের পরিবার নিয়ে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। সর্বশেষ তারেক রহমানের মেয়ে, যিনি ব্যারিস্টারি পড়ছেন লন্ডনে। তিনি বাংলাদেশের কোনও রাজনীতিতে সম্পৃক্ত হননি। তার সম্পর্কে যে ভাষায় বক্তব্য রেখেছেন মুরাদ, সেটা প্রকাশ করতেও আমরা লজ্জিত হচ্ছি। আমরা মনে করি, এই কুলাঙ্গারকে গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত। এজন্য সিলেটবাসীর পক্ষ থেকে ক্ষুব্ধ হয়ে আমরা মামলা দায়ের করেছি।’
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ৩১ ও ৩৫ ধারায় মামলা করেছেন। ৬০-৭০ জন আইনজীবীদের উপস্থিতিতে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আদালত ২০০ ধারায় জবানবন্দি গ্রহণক্রমে আগামী ১৫ তারিখ আদেশ দেবেন মর্মে মামলা গ্রহণ করেছেন। আমরা আশা করছি, আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।