৭ ডিসেম্বর ২০২১


তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য এবং অডিও ফাঁসের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. মুরাদ হাসানের বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন। আমি এই বার্তা রাত ৮টায় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জানিয়েছি।

গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ছিলেন জামালপুর-৪ আসনের এ সংসদ সদস্য। সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর প্রতিবাদে ডা. মুরাদের পদত্যাগ দাবি করেন অনেকেই।

এরই মধ্যে গতকাল রবিবার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি।

ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতা নিশ্চিত করেন চিত্রনায়ক ইমন। তিনি জানান, ঘটনাটি দুই বছর আগের। সরকারের দায়িত্বশীল পদে থেকে তার এ ধরনের বক্তব্য ও মন্তব্য নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠে।

তথ্য প্রতিমন্ত্রী ‘নারী বিদ্বেষমূলক’ যে বক্তব্য দিয়েছেন, এতে দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য। এটি দল বা সরকারের নয়।

শেয়ার করুন