৬ ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ার তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এরমধ্যে সিরিয়ায় দুটি এবং ইরাকে একটি ঘাঁটি হামলার শিকার হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেলে আত-তানফ সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিটি সিরিয়া, ইরাক এবং জর্দান সীমান্তে অবস্থিত।
রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেলে জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় আয-যাওয়ার প্রদেশে শনিবার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই হামলার পর সেখান থেকে বহুসংখ্যক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে। তবে কোথা থেকে কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।
অন্যদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় আল-ক্বাদিসিয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে একটি মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।