১ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধর্ষণের অভিযোগে মাসুদ গণি মান্না নামের এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। মান্না হবিগঞ্জ সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে মান্নার প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন তিনি। এছাড়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেন। এর পর মঙ্গলবার দিবাগত রাতে সিলেট জেলার টুকেরপাড়া এলাকা থেকে মান্নাকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকটকের মাধ্যমে দুজনের পরিচয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে টিকটকার মান্নাকে কারাগারে পাঠানো হয়েছে।