২৩ নভেম্বর ২০২১


আলোহীন বাড়িতে থাকলেন মমতা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দিল্লি পৌঁছান তিনি। সেখানে পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন মমতা। সূত্রের খবর, বাড়িতে আলো না থাকায় বেশ কিছুক্ষণ অন্ধকারেই থাকতে হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।

দিল্লি গেলে মমতা ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ে। সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পৌনে ৭টার দিকে আলো নিভে যায় বাড়ির। অন্ধকার হয়ে যায় পুরো পাড়া। ওই পাড়াতেই থাকেন ভারতের একাধিক সংসদ সদস্য।

ভারতের বিদ্যুৎ দফতর সূত্রের খবর, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিলো না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে।

বরাবরই দিল্লি গেলে সাউথ অ্যাভিনিউতে ওঠেন মমতা। আগে তিনি উঠতেন মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে। মুকুল যদিও আবার তৃণমূলে ফিরেছেন।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়ে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেকের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল-সহ অন্য নেতারা। শাবানা আজমি, জাভেদ আখতারও মমতার সঙ্গে দেখা করতে অভিষেকের ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে যান সেই সময়।

শেয়ার করুন