১০ নভেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার তিন উপজেলা ১৫ ইউনিয়নে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। মঙ্গলবার প্রচারণার শেষ দিনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন প্রচার প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। প্রতিটি ইউনিয়নে শেষ দিনের প্রচারণা ছিল বেশ জমজমাট। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জের ১৫টি ইউনিয়নে ১১ নভেম্বর হবে ভোট গ্রহণ।
সূত্রমতে, নির্বাচনের মুল প্রচার প্রচারণা শেষ হলেও রাতের আঁধারে ভোট কেনাবেঁচার পর্বটা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রকাশ্যে মাইক বাজিয়ে ইনিবিনিয়ে সঙ্গীত আর মিছিলে মিছিলে প্রচারণা শেষের পর এখন চলছে দল বেঁধে গোপনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা।
পাশাপাশি দোদুল্যমান ভোটারদের ভোটগুলো নিজের পক্ষে নেয়ার সর্বশেষ চেষ্টা হিসাবে টাকার ছড়াছড়ি। এক্ষেত্রে ইউপি সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় সবাই সক্রিয়। নিজেদের খুব ঘনিষ্ঠদের দিয়ে তারা ভোট কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।