৩ অক্টোবর ২০২৩
কুলাউড়া প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৪তলা একটি ভবন থেকে ইট পড়ে মনাফ মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। তিনি নির্মাণাধীন ওই ভবনে কাজ করতেন।
সোমবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনাফ বরমচাল ইউনিয়নের চকেরগ্রামের আব্দুস সোবহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহত মনাফের ভাগনা মামুন জানান, চৌধুরী বাজার এলাকায় টিপু মিয়ার নির্মাণাধীন ৪তলা ভবনের নিচে কাজ করছিলেন তার মামা মনাফ মিয়া। হঠাৎ উপর থেকে তার মাথায় ইট পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত মনাফের জানাজা আজ মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীপুর মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।