৯ নভেম্বর ২০২১


নির্বাচনের ৩০ ঘন্টা আগে প্রতীক পেলেন দুই প্রার্থী!

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েও বিজয়ের স্বাদ গ্রহণের আগেই আবারো প্রতিদ্বন্দ্বিতায় নামতে হচ্ছে এক ইউপি সদস্য প্রার্থীকে। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ২৬ অক্টোবর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

কিন্তু হার না মানা প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহামান্য হাইকোর্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়ে আসলে তৈরী ভাতে ছাই পড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী এ প্রার্থীর।

এ ঘটনায় এলাকা জুড়ে হৈ-ছৈ পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ছাতকের সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে। এ ওয়ার্ডের সাধারন সদস্য পদে প্রার্থী হলেন আব্দুস শহিদ ও আব্দুল মতলিব।

প্রার্থী আব্দুস শহিদেন নামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলারশীপ থাকার কারণে নির্বাচনী বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। ওইদিন আব্দুল মতলিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়।

পরবর্তিতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আব্দুস শহিদ এ ব্যাপারে আপিল-আপত্তি করলে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হোসন তার আবেদন খারিজ করে দেন। অবশেষে প্রার্থী আব্দুস শহিদ তার নামে থাকা ডিলারশীপ বাতিল করে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের স্মরণাপন্ন হন।

পরে উচ্চ আদালতের একটি বেঞ্চে রীট আবেদন (নং৯৫/৩৫) করেন আব্দুস শহিদ। ওই রীট আবেদন আমলে নিয়ে নির্বাচন করতে কোন বাধা নেই বলে আদেশ প্রদান করেন উচ্চ আদালতের এ বেঞ্চ।

এদিকে নির্বাচন কমিশনের দেয়া সময় সূচী অনুযায়ী ইউপি নির্বাচনের আর মাত্র বাকী রয়েছে ২দিন। (৯-নভেম্বর) রাত ১২টা থেকে নির্বাচনী প্রচার প্রচারণাও বন্ধ হয়ে যাবে।

উচ্চ আদালতের আদেশ অনুযায়ী সোমবার ছাতক সদর ইউনিয়নের ৯নং ওয়ার্র্ডের ২ সদস্য প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিক প্রতিক বরাদ্দ দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন।

প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল মতলিব পেয়েছেন টিউবওয়েল ও আব্দুস শহীদ পেয়েছেন ফুটবল প্রতিক। এ অনুযায়ী মাত্র ৩০ ঘন্টা প্রচার-প্রচারনার সুযোগ পাচ্ছেন দু’প্রতিদ্বন্দ্বি প্রার্থী। এ নিয়ে এলাকায় মুখোরুচক গল্পের অবতারনা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, এ বিষয়ে উচ্চ আদালতের একটি আদেশের কপি পাওয়ার পর তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

শেয়ার করুন