৮ নভেম্বর ২০২১


সিলেটে বাসের চাকা ঘুরলেও বন্ধ ট্রাক-কাভার্ড ভ্যান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ভাড়া বাড়ানোর ঘোষণায় বাস ধর্মঘট প্রত্যাহার হলেও সিলেটে এখনো ট্রাক চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটেও চলবে না পণ্যবাহী পরিবহন।

রোববার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করার খবরে সিলেটে সন্ধ্যা থেকে চলাচল করতে শুরু করেছে বাস। এতে জনমনে স্বস্তি নেমে আসে। দূরপাল্লার যাত্রীরা বাসটার্মিনাল ও আঞ্চলিক বাসস্ট্যান্ডে ছুটেন। সন্ধ্যায় কুমারগাও বাস স্ট্যান্ডে দেখা যায় সড়কে ডেকে যাত্রী তুলছে হেল্পাররা। কদমতলী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছে দূরপাল্লার বাস। অন্যদিকে বাস চললেও এখনো বন্ধ রয়েছে পন্যবাহী পরিবহন। বিভিন্ন পয়েন্টে সড়কের পাশে সারিবদ্ধভাবে এসব পরিবহন দাঁড় করিয়ে রাখতে দেখা যায়।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধর্মঘট প্রত্যাহার করবো না। কেবল তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করবো।

অন্যদিকে, দিনভর চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দূরপাল্লার কোন বাস ছেড়ে না যাওয়ায় অফিসগামীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে সিলেট শহর থেকে অন্যান্য উপজেলায় আঞ্চলিক সড়কগুলো বাস না চলায় গন্তব্যে পৌছাতে কষ্ট হয়। সিএনজি অটোরিকশা করে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে যেতে হয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘণ্টার বাস-ট্রাক ধর্মঘট শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। পরে সেই ধর্মঘটের সময় বাড়ানো হয় ৭২ ঘণ্টা- অর্থাৎ রোববার মধ্যরাত পর্যন্ত। তবে রোববার বিকেলে বিআরটিএ সদর দফতরে ভাড়া পুননির্ধারণের অনুষ্ঠিত বৈঠকে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শেয়ার করুন