৫ নভেম্বর ২০২১


সিলেটে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সিলেটে টানা ৪৮ ঘণ্টার গণপরিবহনে ধর্মঘট চলছে। ভোর থেকেই সকল দূরপাল্লার বাস সারিবদ্ধ করে রেখে চালক ও সহকারীরা চলে গেছেন। কেউ বা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে উদ্দেশ্যে রওনা করেন। দুই একটি সিএনজি অটোরিকশা পাওয়া গেলেও ভাড়া হাঁকছে কয়েকগুণ বেশি। সকাল ৬টা থেকে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। অনেকের জানা ছিল না জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। অনেকে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে বের হয়েছেন। কিন্তু রাস্তায় এসে জানতে পারেন গাড়ি বন্ধ।

শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়ার ধর্মঘটের কারনে সকাল থেকেই সিলেট থেকে কোন বাস ছেড়ে যায়নি।

ভোর থেকে সিলেট থেকে কোনও দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে সিলেট-জকিগঞ্জ ও তামাবিল সড়কেও বাস চলাচল বন্ধ। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই গন্তব্যে যেতে পিকআপ, মোটরসাইকেলে রওনা দিয়েছেন। অনেককে হেঁটেই রওনা হতে দেখা যায়।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, পরিবহন ব্যবসা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে করোনাভাইরাস ব্যবসায় মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। যখন ব্যবসাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনই ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট জেলা কমিটির নেতারা জানান, হঠাৎ করে ডিজেলের দাম বাড়ার কারণে দেশের পরিবহন খাতে নতুন সংকটের সৃষ্টি হতে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব পড়বে সব স্তরে। তাই আমাদের দাবি সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করবে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সিলেটে ৪৮ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকবে। যদি এই সময়ের মধ্যে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হয় তাহলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন