২৫ অক্টোবর ২০২১
ডেস্ক রিপোর্ট : নগরীতে সিনোফার্মা চলাকালীন নিবন্ধন করা টিকা গ্রহীতাদের নিয়ে বিপাকে পড়েছে সিলেট সিটি কর্পোরেশন। আগে এসব নিবন্ধনকারীদের টিকা নেয়ার জন্য ম্যাসেজ দিলেও সিনোফার্মা দিতে আগ্রহী ছিলেন না তারা।
এজন্য অন্য টিকা আসার অপেক্ষায় ছিলেন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের টিকা চলছে জেনেই ভিড় করছেন নিবন্ধরকারী। প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ টিকা নেয়ার জন্য ভিড় করছেন। এতে করে থাকছে না স্বাস্থ্যবিধিও।
সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানায়, গত কয়েকদিনে নতুন করে নিবন্ধন করেছেন প্রায় ১৩ হাজারের মতো মানুষ। এসব মানুষ টিকার জন্য নিবন্ধন করলেও এখনও তাদের ম্যাসেজ দেয়া হয়নি। আগামী সপ্তাহ থেকে এসব নতুন নিবন্ধনকারীদের টিকা নেয়ার জন্য ম্যাসেজ দেয়া হতে পারে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে পুরনো নিবন্ধনকারীদেরকে টিকা দেয়া হচ্ছে। এসব নিবন্ধনকারীদেরকে টিকা দেয়ার পরপরই নতুন নিবন্ধন যারা করেছেন তাদের ম্যাসেজ দেয়া হবে। বর্তমানে যারা টিকা নিচ্ছেন তাদের সিনোফার্মা টিকা নেয়ার জন্য ম্যাসেজ দেয়া হয়েছিল। তখন এসব মানুষ টিকা নেননি। বর্তমানে তারাই বেশি ভিড় করছেন।
তিনি আরও বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে শুধু ফাইজারের টিকা দিতে পারছি। কারণ এটি সরকার থেকে অনুমোদন দেয়া হয়েছে। এজন্য মানুষের ভিড় বেশি। যদি পুলিশ লাইন্স হাসপাতালেও ফাইজারের টিকা দেয়া যেত তাহলে ভিড় আরেকটু কমতো বলেও জানান তিনি। তবে এই মুহুর্তে পুলিশ লাইন্সে দেয়া সম্ভব নয়। কারণ এটি প্রস্তুত করলেও সরকারের অনুমোদন লাগবে বলেও সিসিকের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২ টি বুথে ৩ হাজার ১৯২ জন মানুষ ফাইজারের টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৭১ জন আর মেয়ে ১ হাজার ১২১ জন। এছাড়া এদিন একই কেন্দ্রে ১৪৭৫ জন সিনোফার্মার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর পুলিশ লাইন্স হাসপাতালে নিয়েছেন ৪০৫ জন। এদেরকেও সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে।